—
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান শুটার ও তার সহযোগী সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই দুই অভিযুক্ত বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থান করছেন।

এই গুরুতর অভিযোগের তীর সরাসরি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ব্যক্তিগত সহকারীর (পিএস) দিকে। সায়েরের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লবের নিবিড় তত্ত্বাবধানেই অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন।

জানা যায়, শ‍্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরসাইকেল চালক আলমগীর হোসেন — এই দুজন গত শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত পাড়ি দেন। সাংবাদিকের সূত্রমতে, এটি অত্যন্ত পরিকল্পিত আক্রমণ ছিল এবং তাদের আরও কয়েকটি ‘হিট টিম’ দিয়ে একই রকম ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা চলছে।

হামলার মূল শ্যুটার ফয়সাল ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় তিনি কেবল একটি গুলি করতে সক্ষম হন। তার পরিকল্পনা ছিল মোট চারটি গুলি চালানোর।

এই প্রসঙ্গে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন, এমন কোনো তথ্য বা প্রমাণ তাদের কাছে নেই।

এদিকে, এই ঘটনার সূত্র ধরে আরেক অস্ত্রধারী ক্যাডার—যিনি মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, তিনি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন। জাতীয় সংহতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জামিনপ্রাপ্ত অস্ত্রধারী ক্যাডারদের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে জরুরি ভিত্তিতে খোঁজ নেওয়া আবশ্যক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।