দেশের বিচার বিভাগ যেন একসময় জনবিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক না হয়ে পড়ে, সেজন্য বিচারকদের ‘প্রভুভক্ত চেতনা’ বর্জন করে জনগণের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ। অবসরের মাত্র তেরো দিন আগে, আজ রবিবার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা ও মহানগর পর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে তাঁর শেষ বিদায়ী অভিভাষণে এই কঠোর বার্তা দেন তিনি।
আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা রয়েছে ২৫তম এই প্রধান বিচারপতির। বিদায়ী বক্তব্যে তিনি বিচারকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের জন্য কাজ করার নির্দেশ দেন এবং সতর্ক করেন যে, শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তির চাপে ভীত হওয়া উচিত নয়—কারণ অন্তরে ভয় থাকলে বিচারক হওয়া যায় না।
বিচার বিভাগের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, বিচার বিভাগ কখনও তার পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ লাভ করতে পারেনি; তবে এর মধ্যেই লোকবল সংকটেও বিচারকরা যে পরিমাণ মামলা নিষ্পত্তি করছেন, তা নিঃসন্দেহে অবিশ্বাস্য। বিচার বিভাগের সংস্কারের রোডম্যাপ প্রসঙ্গে তিনি জানান, পরবর্তী বিচারপতির সুবিধার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ শুরু করা হয়েছে।
প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে জনগণের প্রতি গুরুত্ব দিতে গিয়ে বিচারকদের প্রতি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার আহ্বান জানান। অসৎ বিচারকদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করে তিনি বিচার বিভাগের সুদিনের স্বপ্ন বাস্তবায়নে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের ওপর জোর দেন।



মন্তব্য করুন