সন্ত্রাসী হামলা এবং নির্বাচন বানচালের যেকোনো নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ আজ রবিবার (১৪ ডিসেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কঠোর বার্তা দেন।

তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং যারা এই প্রক্রিয়া বানচালের চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে। তিনি বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান।

সাম্প্রতিক সময়ে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলা এবং দুটি নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টার মতো ঘটনা নিয়ে বৈঠকে গভীর আলোচনা হয়। ইসি সানাউল্লাহ বলেন, এই ধরনের ঘটনাগুলো একটি ভীতির পরিবেশ তৈরির উদ্দেশ্যে ঘটানো হয়েছে, তবে কমিশন তাদের সফল হতে দেবে না।

কমিশনার একটি গুরুতর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ডেভিল হান্ট’ চলাকালে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের একটি বড় অংশ জামিনে মুক্তি পাওয়ায় নির্বাচন বানচালের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যাদের ক্রিমিনাল রেকর্ড আছে, এমন সন্দেহভাজন ব্যক্তিরা যেন সখ্যতা গড়ে তুলে নাশকতা ঘটাতে উৎসাহিত না হয়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান আরও জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সব বাহিনীর গোয়েন্দা তথ্য নিজেদের মধ্যে সমন্বয় করার তাগিদ দিয়েছে ইসি।

এছাড়াও, নির্বাচন প্রচারণার সামগ্রী অপসারণ না করলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন বলে পরিপত্র জারি করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা কোনো অবস্থাতেই অস্ত্র বহন করতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেন।