ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকিতে থাকা শীর্ষ ‘জুলাই যোদ্ধাদের’ সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, হাদির মতো যারা গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে আছেন অথবা যারা ‘গান পয়েন্টে’ রয়েছেন, তাদের নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে, হাজার হাজার জুলাই যোদ্ধার জন্য ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিরাপত্তা নিশ্চিত করা বাস্তবিক অর্থে প্রায় অসম্ভব।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, হাদির ওপর হামলা চালানো অপরাধীকে ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে।

এস এন মো. নজরুল ইসলাম দৃঢ়তার সাথে বলেন, আসামি পালিয়ে গেছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে সে যেখানেই পালিয়ে থাকুক না কেন, তাকে অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। হামলাকারীকে ধরতে রাজধানী ঢাকাসহ দেশের সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত আছে।

এই অভিযান চলাকালে ইতোমধ্যে দুজন সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে এবং তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।