ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ, তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আবদুল হান্নানকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে জামিন আবেদন নাকচ করে বিচারক এই রিমান্ডের আদেশ দেন।

আদালতে জমা দেওয়া রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, হেলমেট পরা অজ্ঞাতনামা দুই সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে হাদি গুরুতরভাবে আহত হন এবং বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

র‍্যাব-২ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ধরে মালিক হান্নানের পরিচয় নিশ্চিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করলেও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন আসামি।

জানা যায়, হামলার ঘটনায় ব্যবহৃত এই মোটরসাইকেলের সূত্র ধরেই গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) আবদুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র‍্যাব-২। আটকের পর তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়েছিল।

পুলিশ এই রিমান্ডের মাধ্যমে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, মোটরসাইকেল ও পলাতক অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করতে চায়। একই সঙ্গে মূল রহস্য উদ্ঘাটন এবং অবৈধ অস্ত্রের উৎস জানা তদন্তের জন্য জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয় গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটে। পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় তাকে পেছন থেকে অনুসরণকারী মোটরসাইকেল আরোহী গুলি করে পালিয়ে যায়।

প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক দফা অস্ত্রোপচার হওয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাদির শারীরিক অবস্থাকে এখনো ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন।