জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান শফিকুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, আনিস আলমগীরের বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের সত্যতা যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তবে ঠিক কোন অভিযোগে বা কোন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে ডিবি প্রধান তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট মন্তব্য করেননি। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন আনিস আলমগীর। ওই পোস্টটি নিয়ে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মেই ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ধারণা করা হচ্ছে, সাইবার স্পেসের ওই বিতর্কিত কর্মকাণ্ডের সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।

এ ছাড়া বিভিন্ন সময়ে টেলিভিশনের টকশোতে দেওয়া তার রাজনৈতিক ও সমসাময়িক বক্তব্য নিয়েও জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা রয়েছে। ডিবি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ের এসব বিতর্কিত বিষয়গুলোও তদন্তের আওতায় থাকতে পারে।

উল্লেখ্য, সাংবাদিক আনিস আলমগীর দীর্ঘ কর্মজীবনে দৈনিক আজকের কাগজসহ দেশের একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন টকশোতে বেশ সক্রিয় ছিলেন।