ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজনকে শনাক্তের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অন্যদিকে, মূল অভিযুক্তের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার (১৪ ডিসেম্বর) দিনভর রাজধানীজুড়ে চলা একাধিক অভিযানে এই অগ্রগতি অর্জন করা হয়। বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন, হামলায় গুলি চালানো ব্যক্তি হলেন ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালকের আসনে ছিলেন আলমগীর শেখ।
অপরদিকে, র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, আজ ঢাকার বিভিন্ন এলাকা থেকে ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মারিয়া ও শ্যালক শিপুকে আটক করা হয়েছে। আটকের সময় ফয়সালের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
আটককৃত এই তিন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছিলেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
এর আগে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছিল।



মন্তব্য করুন