—
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা আহত ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হবে।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে বলে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান নিশ্চিত করেছেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে ভর্তি করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স ও বিশেষ চিকিৎসক দলসহ ভ্রমণসংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
গত দুদিন ধরে সরকার জুলাই গণ-অভ্যুত্থানের এই অন্যতম নেতার চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছিল।
গত রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে ফোনে এক জরুরি কল কনফারেন্সে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।



মন্তব্য করুন