ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। সায়ের তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে চাঞ্চল্যকর আরও একটি দাবি করেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে বলেন, হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে যাওয়ার পর সেখান থেকে সেলফি পাঠিয়েছেন।

সাংবাদিক সায়েরের দাবি, গত শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, ভারতে প্রবেশের পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় নম্বর জোগাড় করে দেন।

তিনি আরও দাবি করেন, ঐ নম্বরটি ব্যবহার করে মাসুদ গত রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠিয়েছিলেন। ইন্টারসেপ্ট করা একটি ছবি গুয়াহাটিতে (ভারতের আসাম রাজ্য) তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসার সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।