২০২৫ সালের নভেম্বর মাসে সারা দেশে ৫২৭টির বেশি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত ও ৯০০ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সংঘটিত মোট ৫৭৭টি দুর্ঘটনার ওপর ভিত্তি করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল এই প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার খবর পর্যবেক্ষণ করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
মোট দুর্ঘটনার মধ্যে শুধু সড়ক পথেই ৫২৬টি দুর্ঘটনায় ৫০৭ জন নিহত এবং ৮৯৯ জন আহত হয়েছেন। রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪০ জন নিহত ও ১ জন আহত হন। এছাড়া নৌপথে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত হন, যেখানে ৪ জন নিখোঁজ রয়েছেন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে দুর্ঘটনার হার ছিল সর্বাধিক, যেখানে ১৫৫টি দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে— ১৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন এবং আহত ৮৯ জন।
নভেম্বর মাসে ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে, যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৬৯ শতাংশ। এসব দুর্ঘটনায় ২০১ জন নিহত (মোট নিহতের ৪১.১০ শতাংশ) ও ১৭১ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৯৩ জন পথচারী, ১০৯ জন চালক, ৭১ জন নারী, ৫০ জন শিশু, ৪৩ জন শিক্ষার্থী এবং ১৮ জন পরিবহন শ্রমিক রয়েছেন। একই সাথে নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য, একজন র্যাব সদস্য এবং একজন সেনা সদস্যেরও পরিচয় পাওয়া গেছে।
দুর্ঘটনার ধরন অনুযায়ী, প্রায় ৪৮ দশমিক ৬৬ শতাংশ ঘটনা ঘটেছে গাড়ি চাপা দেওয়ার কারণে। এর পাশাপাশি ২৫ দশমিক ৪৭ শতাংশ দুর্ঘটনা ছিল মুখোমুখি সংঘর্ষ এবং ১৮ দশমিক ৫৩ শতাংশ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা।
দুর্ঘটনায় জড়িত ৭৪৬টি যানবাহনের মধ্যে ৩১ দশমিক ২৩ শতাংশই ছিল মোটরসাইকেল। এছাড়া ২০ দশমিক ২৪ শতাংশ ছিল ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান জাতীয় ভারী যানবাহন এবং ১৩ শতাংশ ছিল বাস।



মন্তব্য করুন