সাংবাদিক আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র এবং একটি নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে। উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয় বলে জানা গেছে।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আনিস আলমগীর সে সময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে নিয়ে আসা হয়। কর্মকর্তারা তাকে জানান, ডিবি প্রধান তার সাথে কথা বলবেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় আটক হওয়ার পর রাত ৮টায় ডিবি কার্যালয়ে পৌঁছান তিনি। তখনো তার সঙ্গে ডিবি প্রধানের কথা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
আজ সকাল সোয়া ৯টা পর্যন্ত তিনি ডিবি কার্যালয়েই ছিলেন। এ সময় ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে দ্রুত তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনারও ডিবি কার্যালয়ে তার উপস্থিতির কথা নিশ্চিত করেন।



মন্তব্য করুন