ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসার সব ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করার ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, তাঁর চিকিৎসা প্রক্রিয়াটি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও নিশ্চিত করেছে, আজ সোমবার ১৫ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিঙ্গাপুর বিমানবন্দরে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সফলভাবে অবতরণ করেছে। তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের (এসজিএইচ) অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এর আগে গতকাল রবিবার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বিশেষ সহকারী জানান, হামলার পর দুদিন পার হলেও ওসমান হাদির শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন আসেনি, যা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্তকে অনিবার্য করে তোলে।

এ লক্ষ্যে, প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছিল। সিঙ্গাপুর থেকে আসা অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই যাত্রার প্রস্তুতি শুরু হয়।

এরপর দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে গুলিবিদ্ধ হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। প্রধান উপদেষ্টা তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।