ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জোরালো পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। সমালোচনামূলক এই পোস্টটি তিনি সোমবার, ১৫ ডিসেম্বর, রাতে দেন, যেখানে দেশের তথাকথিত সুশীল সমাজ এবং বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন।
গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুশয্যায় জীবনযুদ্ধে থাকা হাদিকে নিয়ে এই শ্রেণীটির কোনো প্রতিক্রিয়া না দেখায় শিল্পী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি মনে করেন, তথাকথিত সুশীল সমাজ, সাহিত্যিক ও মিডিয়াকর্মীরা সবসময় সুবিধাজনক পরিস্থিতি দেখে নিজেদের অবস্থান তৈরি করতে অভ্যস্ত।
তিনি কটাক্ষ করে বলেন যে, তারা যেন সবাই “টিনের চশমা চোখে দিয়ে একেকটা উট পাখী হয়ে আছে”। এই একপাক্ষিক দেশপ্রেমের আবর্জনাময় প্রক্রিয়াটিকে বর্তমান তরুণ প্রজন্ম সহজেই ধরে ফেলেছে বলে আসিফ আকবর তাঁর পোস্টে উল্লেখ করেন।
সংগীতশিল্পী হাদিকে “দেশপ্রেমের অগ্নিস্ফুলিঙ্গ” আখ্যা দিয়ে তাঁর দ্রুত ফিরে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, “এই হাদিরা হেরে গেলে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে।” তিনি আল্লাহর কাছে হাদির জীবন ভিক্ষা চেয়ে লিখেছেন, “তুমি ফিরে আসো হাদি, তোমার জন্য মনটা অস্থির হয়ে আছে।”



মন্তব্য করুন