মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর চরম বীরত্বের সঙ্গে আত্মদান করেন। যশোরের গোয়ালহাটি গ্রামে যখন পাকিস্তানি সেনাবাহিনী পাঁচজনের একটি স্ট্যান্ডিং পেট্রোলকে ঘিরে আক্রমণ চালায়, তখন তিনি গুরুতর আহত সহযোদ্ধাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দেন। সীমিত অস্ত্র নিয়েও তিনি দীর্ঘ সময় ধরে শত্রুদের প্রতিহত করে এক ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তোলেন।

শেষ পর্যন্ত হানাদার বাহিনী অত্যন্ত নৃশংসভাবে বেয়নেট দিয়ে তাঁর চোখ উপড়ে ফেলে এবং মস্তক বিদীর্ণ করে এই মহান মুক্তিযোদ্ধাকে শহীদ করে। পরবর্তীতে তাঁকে যশোরের সীমান্তবর্তী এলাকা শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়, যেখানে তাঁর সমাধি অবস্থিত।

মহান বিজয় দিবস উপলক্ষে, এই বীরের প্রতি শ্রদ্ধা জানাতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন যথাযোগ্য মর্যাদায় কার্যক্রম গ্রহণ করেছে। প্রতিবছরের মতোই এ বছরও তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, বিজিবির যশোর রিজিওনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যরা এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। বীরশ্রেষ্ঠের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই প্রতিবছর এ কার্যক্রম গ্রহণ করা হয় বলে জানিয়েছেন ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।