১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে, যা বাঙালি জাতির জন্য বয়ে আনে স্বাধীনতা, বিজয় এবং আত্মমর্যাদার চূড়ান্ত প্রতীক। এই দিনটি প্রতিটি প্রজন্মকে দেশপ্রেম ও ত্যাগের মহান বার্তা স্মরণ করিয়ে দেয়।
এই মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে প্রাঙ্গণ।
সকাল ৬টা ৩১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন; এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।
পরে স্মৃতিসৌধের শহীদ বেদিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক এবং উপদেষ্টা পরিষদের সদস্যরাও এই আনুষ্ঠানিকতায় অংশ নেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরই মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনস্রোত নামে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই জনস্রোতে যোগ দেয়।
স্মৃতিসৌধের প্রবেশদ্বার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হলে ভিড় আরও বৃদ্ধি পায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শ্রদ্ধা জানান। অনেকেই হাতে ও মুখে লাল-সবুজের জাতীয় পতাকার ছবি এঁকেছেন। এই দিনটিকে ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



মন্তব্য করুন