সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় তিন যানবাহনের ভয়াবহ সংঘর্ষে এক নারী ও তার শিশুসন্তান নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভৈরবনগর এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শাখরা এলাকার আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩৫) ও তার আট বছর বয়সী ছেলে মোস্তাকিম ইসলাম। এই দুর্ঘটনায় মহেন্দ্রার আরও অন্তত ছয় যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তালা উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি মহেন্দ্রা সাতক্ষীরার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ইজিবাইক ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্রাটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আক্তার মারুফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত ছয়জনের মধ্যে দুই নারী রয়েছেন, যাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাটকেলঘাটা থানার ওসি এইচ এম লুৎফুর কবির জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খর্নিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানটি জব্দ করেছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।