পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে অন্য একটি বাসের ধাক্কায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সেতুর ২৯ নম্বর পিলার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া (২৭) মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ‘বসুমতী পরিবহন’ নামের একটি বাসে চালকের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী ‘পদ্মা স্পেশাল পরিবহন’ নামের একটি বাস সেতুর ওপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী ‘বসুমতী পরিবহন’ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তোফায়েল মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, সেতুর ওপর গাড়ি থামানো নিষেধ থাকলেও নিয়ম অমান্য করায় এই সংঘর্ষ ঘটে।
পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি রেকার দিয়ে সরিয়ে নেওয়ার ফলে বর্তমানে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রয়েছে।



মন্তব্য করুন