দীর্ঘ দেড় যুগের প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে যুক্তরাজ্য ত্যাগের সময় স্থানীয় বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। ১৬ ডিসেম্বর লন্ডনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় তারেক রহমান বলেন দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর তিনি প্রবাসে নেতাকর্মীদের সাথে কাটিয়েছেন। আগামী ২৫ ডিসেম্বর আল্লাহর রহমতে তিনি দেশের মাটিতে পা রাখবেন। তবে বিমানবন্দরে অতিরিক্ত ভিড় করলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে যা বিদেশের মাটিতে দেশের সম্মান ক্ষুণ্ন করবে।
তারেক রহমান স্পষ্ট করে বলেন যারা তার এই অনুরোধ রক্ষা করবেন তারা দেশের ও দলের স্বার্থে কাজ করছেন বলে তিনি গণ্য করবেন। কিন্তু নিষেধ অমান্য করে কেউ বিমানবন্দরে গেলে তাকে ব্যক্তিগত স্বার্থান্বেষী হিসেবে বিবেচনা করতে বাধ্য হবেন বলে তিনি হুঁশিয়ারি দেন।
দলের পক্ষ থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে যে ২৫ ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর আগে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ঢাকা পৌঁছেছেন। বর্তমানে তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়গুলো তত্ত্বাবধান করছেন।
উল্লেখ্য ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তারেক রহমান। এরপর থেকে দীর্ঘ সময় লন্ডন থেকেই তিনি দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার পাহাড় টপকে দীর্ঘ সময় পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন।



মন্তব্য করুন