আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপার ব্যবহার করবেন। তবে ভোটপ্রদান শেষে উভয় ব্যালটই ফেলতে হবে একই ব্যালট বক্সে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার নির্ধারিত হয়েছে।
ইসি সচিবালয়ের জারি করা বিশেষ পরিপত্র অনুযায়ী, ভোটাররা সাধারণ ভোটকেন্দ্রে সিল ব্যবহারের মাধ্যমে তাদের রায় দেবেন। তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে গণভোটের জন্য টিক বা ক্রস চিহ্ন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। প্রায় পৌনে ১৩ কোটি ভোটার এবারের বিশাল এই কর্মযজ্ঞে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর ভিত্তি করে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতাসহ ৩০টি মৌলিক বিষয়ে জনগণের সম্মতি চাওয়া হবে। বিজয়ী রাজনৈতিক দলগুলো এই সনদের সংস্কারসমূহ বাস্তবায়নে বাধ্য থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
ভোট গণনা প্রক্রিয়া সম্পর্কে ইসি জানিয়েছে, প্রিজাইডিং অফিসাররা ভোট শেষে এজেন্টদের উপস্থিতিতে বক্স খুলবেন। এরপর সাদা ও গোলাপি ব্যালটগুলো আলাদা করে সংসদ নির্বাচনের প্রার্থীভিত্তিক এবং গণভোটের হ্যাঁ-না ভিত্তিক গণনা সম্পন্ন করা হবে। সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও পোলিং অফিসাররাই গণভোটের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।



মন্তব্য করুন