সৌদি আরবে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৩৪০ জনের প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এর আগে কখনও এক বছরে এত বেশি সংখ্যক মানুষের সাজা কার্যকর করার নজির দেখা যায়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সোমবার মক্কায় তিন সৌদি নাগরিকের দণ্ড কার্যকরের মাধ্যমে এই সংখ্যা ৩৪০-এ পৌঁছায়। এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। গত বছরের সেই রেকর্ড ভেঙে এ বছর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ বছর সাজা কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে বড় অংশই মাদক মামলার আসামী। মোট দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৩২ জনই মাদক চোরাচালান বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত ছিলেন, যা মোট সংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি। মূলত দেশজুড়ে শুরু হওয়া মাদকবিরোধী বিশেষ অভিযানের ফলশ্রুতিতে এই কঠোর দণ্ড প্রদানের হার বেড়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২২ সাল থেকে চীন ও ইরানের পরেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। মাদকসংক্রান্ত অপরাধে প্রায় তিন বছর স্থগিত রাখার পর ২০২২ সালের শেষ দিক থেকে দেশটি পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে।
বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে ক্যাপটাগন নামক মাদকের বিস্তার রোধে সৌদি সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যার প্রভাব পড়েছে দেশটির বিচারিক প্রক্রিয়ায়। সোমবারের সর্বশেষ ঘটনায় এক সুদানি নাগরিককে হত্যার দায়ে তিন স্থানীয় ব্যক্তির দণ্ড কার্যকরের মধ্য দিয়ে নতুন এই বার্ষিক রেকর্ড স্পর্শ করল রিয়াদ।



মন্তব্য করুন