গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজারের খিচুড়ি নিয়ে সৃষ্ট সামান্য বিরোধের জেরে আহমেদ আলী (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শখের বাজার এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রামের আপিল মুন্সীর ছেলে। পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের একটি মাজারের অনুষ্ঠান থেকে মঙ্গলবার রাতে খিচুড়ি নিয়ে আসেন আহমেদ আলী। বুধবার সকালে সেই খিচুড়ি খেতে গিয়ে তিনি দেখেন তা পোড়া এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই পোড়া খিচুড়ি ফেরত দিতে পাশের দোকানি রেনু মিয়ার কাছে গেলে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে রেনু মিয়া ও তার সহযোগীরা আহমেদ আলীর ওপর চড়াও হন। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ব্যবসায়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অভিযুক্ত রেনু মিয়াসহ তার আত্মীয়দের দুটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং মরদেহ উদ্ধার করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।