আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ১১টি গুরুত্বপূর্ণ প্রবেশপথে স্থায়ী চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে যানবাহনে তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্প্রতি বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টির পর পুলিশ এই কঠোর অবস্থানে গেল।
ডিএমপি জানিয়েছে, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ এবং ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
এছাড়া কমলাপুর-বাসাবো সড়ক, গাবতলী, ৩০০ ফিট রোড, আবদুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধউড় ব্রিজেও তল্লাশি কার্যক্রম চলছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নির্বাচনের আগে সম্ভাব্য সহিংসতা রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া উইং।
উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচনের আগে জননিরাপত্তা নিশ্চিত করতেই চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণ করে গত ১২ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে।



মন্তব্য করুন