দই এর খালি হাড়ির মূল্য ৯৫ টাকা। বিক্রি হচ্ছে ইঁদুরে খাওয়া মিষ্টি। ৪ প্রতিষ্ঠান কে জরিমানা ২০ হাজার টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের নিয়মিত তদারকির অংশ হিসেবে গতকাল ৯ ডিসেম্বর রবিবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয় । বেলা ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
এসময় বাজারের সুনীল পালের মিষ্টির দোকানে গিয়ে দেখা যায় খোলামেলা ও নোংরা পরিবেশে রেখে দেয়া হয়েছে মিষ্টি ও দই। এমনকি কিছু কিছু মিষ্টি ইঁদুর ও তেলাপোকায় অর্ধেক খাওয়া অবস্থায় পাওয়া যায়। তাছাড়া মিষ্টির প্যাকেট ও দইয়ের হাড়ির ওজন করে দেখা যায় প্যাকেট গড়ে ২০০ গ্রাম এবং হাড়ি গড়ে প্রায় ৮০০ গ্রাম ওজন। মিষ্টি ও দইয়ের মূল্যের হিসেবে যা যথাক্রমে ৭৫ ও ৯৫ টাকার বেশি দাম আসে। উক্ত অপরাধে সুনীল পালকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর ৪৩ ও ৪৬ ধারায় ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। একই অপরাধে খোকন ঘোষ এর মিষ্টির দোকান কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাজারে অবস্থিত আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কে মেডিকেল টেস্ট এর ধার্যকৃত মুল্যের অতিরিক্ত মূল্য রাখায় ৫ হাজার টাকা এবং সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যাবহার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন, শরীয়তপুর স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবুল হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।