শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অবৈধ নছিমন চাপায় কৃতান্ত হালদার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। রোববার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভোজেশ্বর-গোলারবাজার সড়কের ফতেজঙ্গপুর এলাকা এ দূর্ঘটনা ঘটে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহুতি বাট্টা গ্রামের হরে কৃষ্ণ হালদারের ছেলে কৃতান্ত হালদার মাদারীপুর সদর উপজেলার রিসোর্স সেন্টারে ১৪ বছর যাবত শিক্ষক প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, কৃতান্ত হালদারের স্ত্রী ভেদরগঞ্জের সখিপুরে একটি কলেজে শিক্ষকতা করার কারনে তারা পরিবার নিয়ে ভেদরগঞ্জ থাকতেন। তিনি আজ সকালে ভেদরগঞ্জ থেকে কর্মস্থল মাদারীপুরে যাওয়ার পথে ভোজেশ্বর-গোলারবাজার সড়কের ফতেজঙ্গপুর এলাকা অতিক্রম করার সময় একটি নছিমন তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঢাকা নেওয়ার পথে জাজিরার মঙ্গলমাঝির ঘাটে পৌছলে দুপুরের দিকে তিনি মারা যান।
ঘটনার পর নছিমন চালক পালিয়ে যান। স্থানীয়রা নছিমটিতে আগুন ধরিয়ে দেয়। পরে সেটি জব্দ করেছে নড়িয়া থানা পুলিশ। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।