শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরের মৃত আলতাফ উদ্দিনের ছেলে মো: জাহিদ হাসান আনসার ও ভিডিপি’র বিনোদপুর ইউনিয়নের দলনেতা হয়েও বাণিজ্যিকভাবে মধু খামার করেছেন। তার মধুর খামার ইভা মৌ খামারের মধু জেলার সবাই চেনে এবং জেলার মধ্যে সেরা। ব্যবসার ক্ষেত্রে উদ্ভাবনী ধারণা ও দূরদৃষ্টি, অধ্যাবসায় আর পরিশ্রম দিয়ে সফল হয়েছেন তরুণ মধু ব্যবসায়ী ও আনসার ও ভিডিপি’র এ দলনেতা জাহিদ। প্রথমাবস্থায় চাকরির পেছনে না ছুটে ক্ষুদ্র পরিসরে মধু চাষ শুরু করেন তিনি। সরিষা, কালোজিরা, লিচুসহ বিভিন্ন শস্য ও ফলের মৌসুমে তিনি এসব মৌ-বাক্স পেতে রাখেন। সাফল্য পেয়ে এখন শরীয়তপুরসহ ৬টি উপজেলায় জাহিদ গড়ে তুলেছেন মৌ-খামার। তার খামারে কর্মসংস্থান হচ্ছে অনেক বেকারের। বিভিন্ন উপজেলায় গড়ে তোলা মধু খামার থেকে বছরে উৎপাদিত প্রায় ৪০ থেকে ৫০ মণ মধু দেশের বাজারের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। সরকারী সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় জাহিদের মধু খামারকে দেশের বৃহৎ মৌ-খামারে রূপান্তরের আশা তার। উল্লেখ্য, কীটনাশক ব্যবহারসহ নানা কারণে ইদানীং মৌমাছি কমে যাওয়ায় হুমকিতে পড়েছে দেশের কৃষি। এমন পরিস্থিতি মোকাবিলায় মধু চাষ, মৌমাছির বংশ বিস্তার ও পরাগায়ন ঘটিয়ে কৃষিতে ফলন বাড়াবে বলে মনে করেন জাহিদ। সেদিক বিবেচনায় দেশে পুষ্টিঘাটতি পূরণে, মধুর ব্যবহার বাড়াতে সরকারের ব্যাপক প্রচারাভিযান দরকার বলে মনে করেন মধু চাষী জাহিদ। তিনি জানান, মধুর সাথে যেমন বাড়বে শস্য উৎপাদন, তেমনি কৃষি হয়ে উঠবে আরো লাভজনক। মধুচাষী জাহিদ আরো বলেন- নিজে কিছু করার চেষ্টা এবং অন্য মানুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতেই তার এই পথচলা।
মৌমাছি চাষে প্রবেশাধিকার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইভা মৌ-খামারের মালিক জাহিদ বলেন, ২০০৬ সালে এসএসসি পাস শেষে কর্মসংস্থানের খোঁজে আমি ২০০৮ সালে গ্রীস যাই। সেখানে এ মৌমাছির খামার দেখতে পাই। ঐখানে মৌমাছি পালন শিখি। এরপর ২০১৪ সালে দেশে আসি দেশে এসে বেকার হয়ে পড়ি। তারপর মনে হলো- আমি গ্রিসে যেহেতু মৌমাছি পালন করতে শিখেছি, সেহেতু মৌমাছি পালন করা যায় কিনা! এরপর আমি এটা করব বলে সারাক্ষণ ভাবতাম! তারপর জানতে পারলাম যে, বিসিক মৌমাছি পালন বিষয়ে ট্রেনিং দিয়ে থাকে। আমি ঔখানে ট্রেনিং শেষ করে প্রথম ৩টা বাক্স দিয়ে ২০১৬ থেকে মৌমাছি পালন শুরু করি। কিন্তু দুঃখের বিষয় এই যে, শরীয়তপুরে যখন আমি মৌ মাছির খামার শুরু করি তখন আমার স্ত্রী আমাকে এটা করতে নিষেধ করতো। সে বলতো ইউরোপ থেকে এসে মৌ খামার করলে মানুষ খারাপ বলবে। সে একজন সিনিয়র স্টাফ নার্স। সে শরীয়তপুর সদর হাসপাতাল কর্মরত আছে। বর্তমানে আমার ১৭০টি বাক্স আছে। যা থেকে বছরে ৪০ থেকে ৫০ মন মধু সংগ্রহ করতে পারি। শরীয়তপুর যত সরকারি-বেসকারী হাসপাতাল ও ব্যাংক আছে অনেকেই আমার মধু নিয়ে খায়। মৌ খামার করে আমি অনেক স্বাবলম্বী হয়েছি। আজ যখন আমার মৌ খামারের মধু খেয়ে মানুষ প্রশংসা করে, এখন আমার স্ত্রী ও আমার প্রশংসা করে। এজন্য আমি পারিবারিকভাবে খুশি। এরপর আমি ২০১৮ সালে বাংলাদেশ আনাসার বাহিনীতে বিনোদপুর ইউনিয়ন দলনেতা হিসেবে দায়িত্ব পাই। আমি চাই এ মৌ মাছি খামার করে আমার মতো প্রতিটা উপজেলায় একজন করে খামারী তৈরি করব। এর পাশাপাশি ইউনিয়ন দলনেতা হিসেবে ইয়াবা, গাজা, মাদক ও বাল্যবিবাহ রোধ করে সরকারের উন্নয়নের জন্য বাংলাদেশ আনসার বাহিনীর পক্ষ থেকে কাজ করে যাব।
জাহিদ আরও বলেন, আমার মধু চাষে জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা কৃষি অফিসার আমির হামজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ ও উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন ভূয়সী প্রশংসা করেন এবং এবারের কৃষি মেলায় তৃতীয় স্থান পুরষ্কার প্রদান করেন।
উপজেলা কৃষি অফিসার বলেন- মৌ চাষের ফলে একদিকে ফলন বাড়ছে এবং মধু সংগ্রহের ফলে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। জাহিদের মতো মৌ-চাষী উদ্যোক্তা বৃদ্ধি পেলে বেকার সমস্যা কমবে।



মন্তব্য করুন