দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনু: ও তদন্ত-২) মো. জাকির হোসেন বলেছেন, সমাজে দূর্নীতিবাজ নষ্টদের দৌরাত্ম্য আর কতদিন?। অনেক তো হয়েছে। আর কত?। এর তো শেষ হওয়া লাগবে। দূর্নীতিবাজদের দৌরাত্ম্য থামাতেই হবে। নিজেদের জন্য, এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য এর শেষ হতেই হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কারো কাছে দুদকের নোটিশ গেলে তার ঘুম হারাম হয়ে যায়। অবৈধ টাকা কোথায় রাখবে ভেবে পায়না। যে পথে অর্থ উপার্জন করলে শান্তি, ঘুম হারাম হয়ে যায়, সে পথে টাকা উপার্জন করে লাভ কি?। ভাবছেন ভবিষ্যত প্রজন্মের জন্য অসৎ পথে টাকা উপার্জন করে রেখে যাবেন, আর সে টাকায় তারা সুখে থাকবে? এটা ভুল ধারনা। ওই টাকা খারাপ পথে খরচ করতে তারা দ্বিধা করবেনা। কারন তারা কষ্ট করে টাকা উপার্জন করেনি। তারা শুধু ভোগ করতে শিখেছে। ভোগে মানুষকে বড় করেনা, ত্যাগেই মানুষকে বড় করে তোলে।

জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন-উল-হাসান, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ মো. হারুন উর রশীদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি ও শরীয়তপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম, ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।