শরীয়তপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শৌলপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পূর্ব সারেঙ্গা গ্রামের ওসমান গণি সরদার ছেলে মনির সরদার (৩২), মৃত আব্দুল জলিল সরদারের ছেলে দেলোয়ার সরদার (৫০), মৃত হাতেম আলী সরদারের ছেলে আবুল হোসেন সরদার (৫৩), আবুল হোসেন সরদারের ছেলে সোহেল সরদার (২৫), মৃত তৈয়ব আলী সরদারের ছেলে কাদের সরদার (৫০) ও মৃত আব্দুর রহমান মৈশালের ছেলে লতিফ মৈশাল (৫০) । আহতরা শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পূর্ব সারেঙ্গা গ্রামের সিরাজ খাঁনের সঙ্গে একই গ্রামের স্থানীয় ইউপি সদস্য লিয়াকত সরদারের পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে শৌলপাড়া এলাকার রশিদ মাস্টারের বাড়ির ঘাটায় দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় মনির সরদার, দেলোয়ার সরদার, আবুল হোসেন সরদার, সোহেল সরদার, কাদের সরদার ও লতিফ মৈশাল গুরুতর জখম হয়। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইউপি সদস্য লিয়াকত সরদার বলেন, সিরাজ খাঁন, মোস্তফা খানের নেতৃত্বে ৩০/৪০ জন লোক তারা দেশীয় অস্ত্র নিয়ে শৌলপাড়া রশিদ মাস্টারের বাড়ির ঘাটায় ওঁৎ পেতে থাকে। আমাদের লোকজন শৌলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় তাদের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে আহত করে। আহতদের হাসপতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় সিরাজ খাঁন, মোস্তফা খানদের বিরুদ্ধে আমরা মামলা করবো। সিরাজ খাঁনের সমর্থক লতিফ মৈশাল বলেন, আমাদের সঙ্গে লিয়াকত সরদারের লোকজনদের পূর্ব থেকে শত্রুতা রয়েছে। তার জের ধরে লিয়াকতের লোকজন আমাদের লোজনের জমির ফসল কেটে নিয়ে যায়। প্রতিবাদ করলে হামলা করে লিয়াকত সরদারের লোকজনেরা। আমরা তার প্রতিবাদ করি। এতে দুই পক্ষেরই লোকজন আহত হয়। শরীয়তপুর সদরের পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, শৌলপাড়ার মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে অপরাধিদের আইনের আওতায় আনা হবে।



মন্তব্য করুন