শরীয়তপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডাঃ এসএম আব্দুল্লাহ আল মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতার জেলা সংবাদদাতা যুদ্ধাহত মুুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুস সামাদ তালুকদার, সরকারি গোলাম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুনীর আহমেদ খান।
এ সময় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, দেশের যে কোন জেলার চেয়ে আমাদের জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। এই শান্তির ধারা বজায় রেখে সার্বিক উন্নয়ন করতে হবে। সারা দেশের ন্যায় আমাদের জেলায়ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষনগণনা চলছে। মনে রাখবেন সরকারে ধারাবাহিকতার কারনে আজ দেশে উন্নয়নে জোয়ার বইছে এ ধারা যেন কোন অপশক্তি ব্যহত করতে না পারে সে বিষয়েও আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান বলেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হবে। শরীয়তপুর সদর ও জাজিরায় তিনজন বিদেশি নাগরিক ধরা পড়েছে। তারা জেলে আছে। তাদের জিজ্ঞাসা করে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা প্রস্তাব রাখেন যে, শরীয়তপুর শহরে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাহিন্দ্র ও ট্রলি চলাচল বন্ধ রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা করতে হবে। সভায় বুড়িরহাটে পুলিশ ক্যাম্প করার তাগিদ দেয়া হয়। স্বর্ণঘোষ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাব মাঠ, মাদরাসা, মসজিদ সংলগ্ন সড়কে গতিরোধক ব্যবস্থার দাবী জানানো হয়।