“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ পালিত হয়েছে। রবিবার ৮ মার্চ সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণে র্যালিটি শরীয়তপুর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক খাদিজাতুন আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব রহমান শেখ, বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও শরীয়তপুর প্রেস ক্লাব সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ শাজাহান ফরাজী, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন ও শরীয়তপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ রওশোন আরা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, মহিলা সংস্থার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারীদের অধিকারকে নিশ্চিত করা হয়েছে। নারী আজ কোন দিক দিয়েই পিছিয়ে নেই। তারা আজ নিজের পায়ে দাড়াতে শিখেছে। তারা শুধু পারিবারিক ভাবেই নয়, দেশ পরিচালনা থেকে শুরু করে, বিশ্ব রাজনৈতিক অঙ্গণ থেকে শুরু করে সকল অঙ্গণে বিশেষ অবদান রাখছে। তারা এখন সর্বক্ষেত্রে সমান অধিকার ভোগ করছে। যে নারী যত শিক্ষিত সে নারীর পায়ের তলার মাটি ততো শক্ত। তিনি আরো বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বপ্ন দেখতেন নারী পুরুষের সমান বিচরণ। তারই ধারাবাহিকতায় তার কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীদের কল্যানে কাজ করে যাচ্ছেন। তাছাড়া বাংলাদেশ জাতিসংঘের নারীর অধিকার নিয়ে কাজ করা সিডো সনদে স্বাক্ষর করেছেন। তবে নারী নির্যাতন বন্ধ করতে হলে আগে নিজ গৃহে বউ শ্বাশুড়ির মনোভাব পরিবর্তন করতে হবে। কোনো ভাবেই নারীদের ছোট করে দেখা যাবে না।



মন্তব্য করুন