শরীয়তপুরে করোনা ভাইরাসকে কেন্দ্র করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার কিংবা হ্যান্ডওয়াশের মূল্য বৃদ্ধি প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার সকালে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ-পরিচালক সূজন কাজীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মুল্যে মাস্ক বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপ-পরিচালক সূজন কাজী জানান- করোনা ভাইরাস প্রতিরোধে সবার মাস্ক পরিধান জরুরী না। কেবল আক্রান্তদের ক্ষেত্রেই মাস্ক পরিধান করা যথেষ্ট। তথাপি, সবাই সতর্ক থাকবেন। আতংকিত হওয়ার মত কোনও পরিস্থিতি এখনো তৈরি হয়নি। করােনাকে কেন্দ্র করে যাতে কেউ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার কিংবা হ্যান্ডওয়াশের মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য মনিটরিং অভিযান পরিচালনা করছি। অতিরিক্ত মুল্যে মাস্ক বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।