“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য এবং ‘পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন, আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন, সাবান ও পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করুন, অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন’ এ শ্লোগাণকে সামনে রেখে শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় কোর্ট সংলগ্ন পুলিশ বক্স চত্বরে পরিবহন যাত্রী, দোকানদার, ড্রাইভার ও পথযাত্রীদের মধ্যে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের আহবানে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ,
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, ডিবি ওসি কবিরুল ইসলাম, পালং মডেল থানা ওসি(তদন্ত) মো: আশরাফুল ইসলাম, ট্রাফিক সার্জন মেহেদী হাসান, পুলিশ লাইন্সের আরআই সিরাজুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রমূখ।
লিফলেট বিতরণকালে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে পুলিশ সুপার বলেন, সারা বিশ্বের অধিকাংশ দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। বিশ্বের বিভিন্ন দেশে শরীয়তপুরের লোকজন বেশি থাকে। গত ১১ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ১১ ই মার্চ পর্যন্ত শরীয়তপুরে প্রায় ৫ হাজার লোক বিদেশ থেকে দেশে ফিরেছে। তাদের প্রত্যেকের বাসায় বাসায় আমরা যাচ্ছি এবং তাদের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করছি। ১১ ই মার্চের পরে বিদেশ থেকে যারা ফিরেছে এবং ফিরবে তাদের জন্য আমাদের লিফলেট-এর মাধ্যমে এই সচেতনতামূলক নির্দেশনা অব্যাহত থাকবে। এছাড়া তিনি বলেন, আমরা সকল দপ্তরের কর্ম-কর্তাদের সাথে নিয়ে প্রতিটি উপজেলায় জেলা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ অব্যাহত রাখবো। যাতে করে প্রতিটি ওয়ার্ডের-ইউনিয়নের-দপ্তরের মানুষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বিদেশ ফিরত যারা আছে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ বিধান যারা না মানবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিভিল সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, আমাদের শরীয়তপুরে এখনো করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। প্রায় দুই শতাধিক বিদেশ ফিরত লোককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যদি হোম কোয়ারেন্টাইন বিধি মেনে চলে তাহলে শরীয়তপুরবাসী করোনা আক্রান্ত মুক্ত থাকবে।



মন্তব্য করুন