“ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) নির্বাচনী এলাকার ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমান ফ্রি মেডিক্যাল ক্যাম্প বসিয়ে চিকিৎসাসেবা চালু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিলাশপুর মহর খার কান্দি এলাকায় মেডিকেল টিমের মাধ্যমে জনগণের মাঝে ফ্রি চিকিৎসাসহ ঔষধ বিতরণ করা হয়। এছাড়া যারা ঔষধ ক্রয় করতে অপারগ তাদের জন্য ইকবাল হোসেন অপু এমপি’র পক্ষ থেকে নগদ অর্থও প্রদান করা হয়।
এ সময় উপস্থিত চিকিৎসক ও নেতৃবৃন্দ বলেন, শরীয়তপুর-১ আসনের জননেতা ইকবাল হোসেন এমপি’র উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছনোর উদ্দেশ্যে এ ভ্রাম্যমান চিকিৎসা সেবা চালু হয়েছে। করোনা অবস্থার সার্বিক উন্নতি না হওয়া পর্যন্ত এ সেবা চালু থাকবে।
চিকিৎসা সেবা হাতের কাছে পেয়ে রোগীরা বলেন, আমরা হাসপাতালের ন্যায় ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়ে সন্তুষ্ট। তারা আরও বলেন, আমাদের এমপি ইকবাল হোসেন এমপি আমাদের চিকিৎসা সেবা বাড়ির সন্নিকটে পৌঁছে দিয়েছেন এবং ঔষধ কিনতে নগদ টাকা দিয়েছেন।