শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারের বুলবুল মার্কেটের দ্বিতীয় তলায়  ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে। এতে কৃষ্ণচূড়া ফ্যাশন নামের কাপড়ের দোকান পুড়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকানের মালিক।

ব্যাবসায়ীরা জানান, মঙ্গলবার রাত ১১ দিকে  প্রথমে ভবন থেকে ধোয়া বের হতে দেখা যায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় এলাকাবাসীর সহযোগীতায় ব্যবসায়ীরা নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রনে আনেন।

তারা বলেন এখান থেকে ফায়ার সার্ভিস স্টেশন প্রায় ২০ কি.মি দূরে। ফায়ার সার্ভিস পৌছাতে যে সময় লেগেছে তাতে দোকান পুড়ে ছাই হয়ে যায়। বড় দুর্ঘটনা এড়াতে নড়িয়া উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন চান স্থানীয়রা।

ফায়ার সার্ভিস টিমের প্রধান মোঃ আলী আহম্মদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে আমি টিম নিয়ে রওনা দেই কিন্তু শরীয়তপুর থেকে ঘড়িসার বাজার দুরত্ব একটু বেশী হওয়ায় এবং রাস্তার যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারনে সময় মত ঘটনাস্থলে পৌছানো যায়নি।

আগুন লাগার কারন জানতে চাইলে তিনি বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসাকের্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।