ঢাকা, ২ ডিসেম্বর | এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করতে বুধবার ঢাকায় পৌঁছাচ্ছে যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। চীনের পাঁচ সদস্যের দলের পর এটিই দ্বিতীয় আন্তর্জাতিক মেডিকেল টিম।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা এসে সরাসরি রোগী দেখবেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করবেন। তারপরই সিদ্ধান্ত হবে খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তর করা সম্ভব কি না।
তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। রোগীর বর্তমান অবস্থা এবং ট্রান্সফারের নিরাপত্তাই সর্বাগ্রে বিবেচ্য।”
এর আগে সোমবার চীন থেকে আগত পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতও চিকিৎসা সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানান ডা. জাহিদ।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে এভারকেয়ারে ভর্তি হন। লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তিনি।

মন্তব্য করুন