আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার জন্য হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিটটি দাখিল করেন।
রিট আবেদনে বলা হয়েছে, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না তা ব্যাখ্যা করার জন্য রুল জারি করা হোক। পাশাপাশি রুলের শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়েছে।
রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। তিনি বলেন, জনগণকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যম অপরিহার্য। তিনি উল্লেখ করেন, গত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই উত্তরণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সানাউল্লাহ আরও বলেন, ভোটের দিন গণমাধ্যমের অবাধ চলাচল নিশ্চিত করা হবে। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শতাব্দীর সর্বোত্তম নির্বাচন আয়োজন করাই ইসির লক্ষ্য।



মন্তব্য করুন