উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতে বা শুক্রবার সকালে লন্ডন নেয়া হচ্ছে। কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল পৌনে তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বহু জটিল রোগের কারণে বিদেশে উন্নত চিকিৎসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
কাতারের আমিরের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তারা এয়ার অ্যাম্বুলেন্সসহ পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের আমির বরাবর চিঠি লিখে এ সহযোগিতা চেয়েছিলেন।
৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি তিনি প্রথমবার লন্ডনে যান। সেবার ১১৭ দিন চিকিৎসা নিয়ে গত ৬ মে দেশে ফিরেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, এবারের যাত্রার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আনুষঙ্গিক কাগজপত্র ও চিকিৎসা দলের সমন্বয় শেষ হলেই যাত্রা শুরু হবে।



মন্তব্য করুন