কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছানো বিলম্বিত হয়েছে। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী তার যুক্তরাজ্য যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৫ ডিসেম্বর) জানিয়েছেন, যান্ত্রিক সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্সের উড্ডয়ন বিলম্বিত হয়েছে। কাতার থেকে এটি কখন যাত্রা শুরু করবে, সে বিষয়ে পরে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, কাতারের আমির ব্যক্তিগত উদ্যোগে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন। এতে অপারেশন থিয়েটারসহ উন্নত চিকিৎসার সব জরুরি সুবিধা রয়েছে।
মির্জা ফখরুল বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটির বৃহস্পতিবার রাতেই ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং শুক্রবার ভোরের দিকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল। কারিগরি জটিলতার কারণে সেই সময়সূচিতে এখন পরিবর্তন এসেছে।
বিএনপি মহাসচিব আরও জানান, দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যৌথ মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে যুক্তরাজ্যের উন্নত একটি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
তিনি নিশ্চিত করেন, আনুষঙ্গিক সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং ম্যাডামের সঙ্গে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল সফরসঙ্গী হচ্ছেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন ম্যাডামকে সুস্থভাবে বিদেশে নিয়ে যেতে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসতে সহায়তা করেন।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, সারাদেশের মানুষ জনপ্রিয় এই নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন এবং তার সফল চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।



মন্তব্য করুন