বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও খালেদা জিয়ার ছোট ছেলের বউ জোবাইদা রহমান বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বিমান থেকে নেমেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন সংকটাপন্ন খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. জাহিদ জানান, জোবাইদা পৌঁছানোর পর মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার চূড়ান্ত তারিখ ও সময় ঠিক করা হবে। আজ দুপুরেই মেডিকেল বোর্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ১৬ সদস্যের মেডিকেল ও পরিচর্যা দল। এর মধ্যে রয়েছেন কোকোর স্ত্রী সৈয়দা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুনসহ অন্যরা। পরিচর্যাকারী হিসেবে থাকছেন ফাতেমা বেগম ও রুপা শিকদার।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-ফুসফুসের জটিলতা ও চোখের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে ভর্তি করা হলে অবস্থার অবনতি হতে থাকে।
বর্তমানে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও ঢাকায় অবস্থান করে তার চিকিৎসা তদারকি করছেন।



মন্তব্য করুন