ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোটের তপশিল ঘোষণার সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিনক্ষণ ও বিস্তারিত তপশিল নির্ধারণ করতে আগামী রবিবার (৭ ডিসেম্বর) কমিশন সভা আহ্বান করা হয়েছে। এই সভা থেকেই সবকিছু চূড়ান্ত হবে বলে জানা গেছে। তপশিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে ইসি।
আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছিরউদ্দিন তপশিল ঘোষণা করবেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এই বিষয়ে বলেন, ‘আগামী রবিবার তপশিল ঘোষণার উদ্দেশ্যে কমিশনের সভা আহ্বান করা হয়েছে। আশা করছি ঐ দিনের বৈঠকে আমরা সবকিছুই চূড়ান্ত করতে পারব।’
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই সময়ের মাঝামাঝি, অর্থাৎ মঙ্গলবারের দিকে ভোট হতে পারে।
এই নির্বাচনের জন্য দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এখন জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে। যদিও বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো কিছু দল তপশিল ঘোষণার আগেই প্রার্থী মনোনয়নের প্রাথমিক কাজ সেরে রেখেছে বলে জানা গেছে।
নির্বাচনে প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটিকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। দুটি ভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ, সকাল ৮টার পরিবর্তে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হতে পারে।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুটি নির্বাচনের জন্য দুটি আলাদা ব্যালট ব্যবহার করা হবে, যার মধ্যে গণভোটের ব্যালট হবে রঙিন। একটি ভোটকক্ষে দুটি গোপন ভোটবুথ রাখার পরিকল্পনা করা হয়েছে।
তপশিল ঘোষণার পর থেকে কঠোরভাবে আচরণবিধি অনুসরণের বিষয়ে কমিশন ‘হার্ডলাইনে’ থাকবে। নির্দেশনায় প্রার্থীদের কোনো পোস্টার ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে এবং অযাচিত পোস্টার অবিলম্বে অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হবে।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার পুরো জাতির পক্ষ থেকে দ্রুত তপশিল ঘোষণার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘পুরো জাতি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। ভোট বঞ্চিত জনগণ ভোট দিতে প্রস্তুত। আশা করছি ইসির ঘোষিত সময়সীমার মধ্যেই তপশিল ঘোষণা করবে। রাজনৈতিক দলগুলো জনগণের দাঁড়ায় যাবে। উত্সব আমেজে দেশে ভোট হবে।’
তপশিল ঘোষণার আগে সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশে গণভোটের বিধান যুক্ত করা হয়েছে। বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপও শেষ হয়েছে।
গত ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রও চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় ২৭ ধরনের সরঞ্জাম কেনা ও গুদামে মজুত রাখা সম্পন্ন হয়েছে।
নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের অধীনে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। দেশের ৬৪ জেলার ডিসি (জেলা প্রশাসক) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) ও ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘আরপিওর সবশেষ সংশোধনীও অনুমোদন হয়েছে। সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তপশিল ঘোষণা করা হবে।’



মন্তব্য করুন