অনিবার্য কারণ ছাড়া জাতীয় নির্বাচনের তফসিল বিলম্বিত হোক, তা চায় না বিএনপি। বরং দলটি যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তফসিল বিলম্ব করতে বললে ভোট আরও বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দেবে বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির এই নেতা এ কথা বলেন।
তিনি বলেন, এবারের ভোটে দুইটি ব্যালট ব্যবহার করা হচ্ছে, যা তুলনামূলকভাবে সময়সাপেক্ষ। বিএনপি চায়, সব ভোটার যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। তবে একটি কেন্দ্রে ভোটারের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এ বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। রোববারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে সিইসি বিএনপিকে জানিয়েছে।
নজরুল ইসলাম খান আরও বলেন, ব্যালট পেপার সাধারণত সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়ে থাকে। কিন্তু এটি যেন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ছাপানো না হয়, সেই বিষয়ে কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি। এ সময় পাসপোর্টকেও জাতীয় পরিচয়পত্র হিসেবে বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করার কথা জানান তিনি।
দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সম্ভবত আগামীকাল (শুক্রবার, ৫ ডিসেম্বর) ভোরে খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”



মন্তব্য করুন