শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে তিনি সরাসরি হাসপাতালে যান।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা কিছুটা পিছিয়েছে।

তিনি বলেন, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তবে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন।