বড় ধরনের কোনো বিপর্যয়কর পরিস্থিতি বা সংকট তৈরি না হলে, সরকার ঘোষিত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। এমনটিই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রমজানের আগেই যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তার জন্য দল প্রস্তুত।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামে নিজ এলাকা সরদার পাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে রিজভী সাংবাদিকদের বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। তবে তাঁর মায়ের অসুস্থতার বিষয়টি বিবেচনা করে উপযুক্ত সময়ে নিজের সিদ্ধান্তেই তিনি দেশে ফিরবেন। এটিকে তিনি তাদের পারিবারিক ব্যাপার হিসেবে উল্লেখ করেন।

বিভিন্ন জেলায় দলের মনোনয়ন নিয়ে কর্মীদের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সে বিষয়ে রিজভী জানান, একবার নির্বাচন শুরু হয়ে গেলে সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে একযোগে কাজ করবেন।

এর আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে কুড়িগ্রামের কয়েকটি এতিমখান এবং দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।