ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে শীতে কাঁপছে উত্তরাঞ্চলীয় জনপদ পঞ্চগড়। শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত। শনিবার (৬ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া অফিস মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিমালয়ের কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার প্রভাবে এই তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, শনিবার সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ, এক দিনের ব্যবধানে তাপমাত্রা ১ ডিগ্রি নিচে নেমেছে। তিনি সতর্ক করেন যে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
গত কয়েক দিন ধরেই পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় হিমালয়ের হিমেল বাতাসের কারণে ঠান্ডা অব্যাহত রয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো।
যদিও দিনের বেলায় কিছু সময়ের জন্য রোদের দেখা মিলছে, কিন্তু তাতে শীতের তীব্রতা বিশেষ কমছে না। সারাদিন ঠান্ডা আবহাওয়া থাকার পর শেষ বিকালে শীতের অনুভূতি আরও বেড়ে যাচ্ছে।
এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোর বহির্বিভাগে শীতজনিত রোগীর ভিড় বেড়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকেই কেবল হাসপাতালে ভর্তি করা হচ্ছে।



মন্তব্য করুন