নতুন মোবাইল ফোন ও জনপ্রিয় ‘ফ্রি ফায়ার’ গেমসের আইডি কেনার টাকার জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজানোর অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার, নবম শ্রেণির শিক্ষার্থী নাবিল এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ আলম।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে তিন কিশোরকে গ্রেপ্তারের পর শনিবার (৬ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এ চাঞ্চল্যকর তথ্যের সত্যতা জানতে পারে।

রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর দিনে দুপুরে ওই কিশোরের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছিল।

সম্প্রতি শাহ আলম নামের এক বন্ধু নতুন মোবাইল ফোন কিনলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির নাটক সাজানোর কথা তারা স্বীকার করে। তারা জানায়, মোবাইল ও গেমের আইডি কেনার জন্য তারা যোগসাজশ করে বাড়িতে ডাকাতির মিথ্যা গল্প তৈরি করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, এই কিশোরদের বাবা-মা প্রথমে এই ডাকাতির মামলা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে সন্দেহ হওয়ায় তদন্ত করে সত্যতা পাওয়া যায়।

গ্রেপ্তার হওয়া এক কিশোরের বাবা সংবাদমাধ্যমকে বলেন, “আমার ছেলে বখাটে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে মোবাইল কিনে গেম খেলার জন্য এমন কাণ্ড ঘটিয়েছে। এ ঘটনা প্রকাশ পাওয়ার পর উদ্ধার হওয়া টাকা ও স্বর্ণ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”