বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে কাতার সরকার। তবে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সবুজ সংকেত পেলেই ঢাকায় এসে পৌঁছাবে দেশটির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি। এই ব্যবস্থার সবই রাজকীয় তত্ত্বাবধানে কাতার কর্তৃপক্ষ করছে।

এনামুল হক চৌধুরী বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। তারা এখন সেইভাবে প্রস্তুত আছেন। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে।”

জার্মানির অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছে।”

অন্যদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো গুরুতর। ফ্লাই করার মতো সক্ষমতা তিনি এখনো অর্জন করতে পারেননি বলেই বিদেশে যাত্রা বিলম্ব হচ্ছে। এভারকেয়ার হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, গত দুই দিনে মেডিকেল বোর্ডের সদস্যরা কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং সেগুলোর প্রতিবেদন পর্যালোচনা চলছে।

জানা গেছে, গত শুক্রবার (৫ ডিসেম্বর) দুই দফা মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকায় এসে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং লন্ডন যাত্রার প্রস্তুতিতে সহায়তা করছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কাতার সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়ে তাদের প্রস্তুতির কথা জানায়। এর আগে গত ২৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে কাতারের রাষ্ট্রদূতের কাছে চিঠি দেওয়া হয়েছিল। কাতার কর্তৃপক্ষ ঢাকা থেকে লন্ডন যাত্রার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সময়ের মধ্যে তাদের দূতাবাসে জমা দিতে অনুরোধ জানিয়েছে।