ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হলেও তফসিল ঘোষণার দিনক্ষণ এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার বিষয়ে ভুল বা মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছিল ইসি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সকালে নির্বাচন ভবনে একটি জাতীয় বৈঠকে অংশ নেন ইসি সচিব আখতার আহমেদ।

কর্মশালায় তিনি সাংবাদিকদের বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম।”

তফসিল ঘোষণার বিষয়ে তিনি সরাসরি বলেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।”

তবে নির্বাচন আয়োজনে ইসি যে পুরোপুরি প্রস্তুত রয়েছে, সে দাবি পুনর্ব্যক্ত করে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন… নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।”

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গেই একই দিনে ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত একটি গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এর আগে জানিয়েছিলেন, তফসিল ৭ ডিসেম্বরের পর যেকোনো দিন ঘোষণা হতে পারে।

সাংবাদিকদের নিয়ে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২…’ শিরোনামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।