বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশে বড় ধরনের বিভাজনের পথ তৈরির অপচেষ্টা চলছে। একটি নির্দিষ্ট মহল ধর্মের নামে এই সমাজে বিভেদ সৃষ্টি করতে চাইছে বলেও তিনি দাবি করেন।
রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য রাখার কথা ছিল।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ অবশ্যই ধর্মভীরু। আমরা ধর্মকে অবশ্যই সম্মান করি এবং মেনে চলি। কিন্তু ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র বা সমাজকে বিভাজন করার নীতিতে আমরা বিশ্বাসী নই।
তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, “আমরা মনে করি, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তিই ছিল সবার জন্য বাংলাদেশ।”
বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, সমস্ত অপচেষ্টাকে পরাজিত করে বিএনপিকেই বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় তিনি দলের অঙ্গসংগঠন, বিশেষত ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে হতাশা প্রকাশ করেন। ছাত্রদলকে উদ্দেশ করে তিনি বলেন, “বিএনপির যে ৩১ দফা, সেটাকে তোমরা সেইভাবে গ্রামে নিয়ে যেতে পারোনি। আমি যখন গ্রামে যাই, সেটা দেখিনি।”
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের কমিটি ও প্রচারণার ঘাটতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, “শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের (ছাত্রদলের) যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে। যার কারণে বিগত নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি। এই জায়গায় তোমাদের এগিয়ে আসতে হবে।”



মন্তব্য করুন