আসন্ন নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়ে তিনটি দল মিলে একটি নির্বাচনী জোটের ঘোষণা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেয়।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই জোটকে দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে—‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।
এই ঐক্যের প্রধান লক্ষ্য হলো ‘জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা’ বাস্তবায়ন করা এবং দেশের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করা। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জোট গঠনের কারণ ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতেই এই দলগুলো এক প্ল্যাটফর্মে এসেছে।
এদিকে, এই জোট প্রক্রিয়ায় গণঅধিকার পরিষদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত দলটি ঐক্যে শামিল হয়নি। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, মূল তিনটি দলের সঙ্গে গণঅধিকার পরিষদও এই জোটে যোগ দিতে পারে। কিন্তু অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে তারা আপাতত জোটের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
নতুন এই জোটের ঘোষণার মধ্য দিয়ে আগামী দিনের রাজনৈতিক দৃশ্যপটে নতুন মেরুকরণ সৃষ্টি হলো বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।



মন্তব্য করুন