দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাজারে পেঁয়াজের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের অনুমতির পর রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে এই কার্যক্রম শুরু হয়। আমদানির খবরে তাৎক্ষণিকভাবে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমে এসেছে।
এদিন বিকেল ৪টা ২০ মিনিটে ভারত থেকে ৩০ টন পেঁয়াজবাহী একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম পুনরায় চালু হয়। বন্দর সূত্রে জানা গেছে, আপাতত চারজন আমদানিকারক মোট ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।
পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে দেশি পেঁয়াজের দামের সমীকরণে বড় পরিবর্তন এসেছে। যে মুড়িকাটা পেঁয়াজ গত শনিবারও বিক্রি হয়েছে ১১০ টাকা কেজি দরে, রবিবার তা নেমে এসেছে ৮০ টাকায়। অন্যদিকে ১৩০ টাকা দরের দেশীয় শুকনো পেঁয়াজ এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানির পরিমাণ বাড়লে দাম আরও কমবে।
সর্বশেষ চলতি বছরের ১৪ আগস্ট এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হয়েছিল। দেশের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাধ্য হয়েছে। আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ প্রতি মেট্রিক টন ৪১০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করা হচ্ছে।



মন্তব্য করুন