গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের অনুসারীদের হামলায় জেলা বিএনপি নেতা ইশরাক আহমেদ সিদ্দিকীর পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাখালিয়া চালা, মৌচাক ও পৌর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় একাধিক দলীয় কার্যালয় ভাঙচুর করে এবং ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
মনোনয়ন ঘোষণার পর থেকে এলাকায় সৃষ্ট তীব্র ক্ষোভের জেরেই এই সংঘাত।
গত ৪ ডিসেম্বর গাজীপুর-১ (কালিয়াকৈর ও মহানগরীর একাংশ) আসনে বিএনপি মো. মজিবুর রহমানকে মনোনয়ন দেয়। এর আগে এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ আরও বেশ কয়েকজন নেতা। মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তৃণমূল বিএনপির ব্যানারে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়ে মৌচাক ইউনিয়নের আম বাগান ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এসময় মনোনীত প্রার্থী মজিবুর রহমানের সমর্থকরা পৌর বিএনপি নেতা সাইজুদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে লাঠিসোটা হাতে সেখানে এসে হামলা চালান। হামলাকারীরা মৌচাক ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের ওপর বেধড়ক পিটুনি দেয়।
সংঘর্ষে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিমুউল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুব আলম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেকান্দর আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মিয়া এবং মৌচাক বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক নজরুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুর এবং ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মনোনয়ন বঞ্চিত চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর দাবি, “এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে সমর্থকদের বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে।”
অন্যদিকে, হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান। তিনি জানান, তার কর্মীরা ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ করে দুষ্কৃতিকারীরা তাদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”



মন্তব্য করুন